যে কারণে আলোচিত ছিলেন সুইডেন আসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬
নব্বইয়ের দশকে রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও, রাজাবাজার ও শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় অপরাধজগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন শেখ মোহাম্মদ আসলাম। অপরাধজগতে তিনি পরিচিত ‘সুইডেন আসলাম’ নামে। খুন, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগে আলোচনায় আসেন তিনি। দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালে জামিনে মুক্তি পান। এবার থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিনগত রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে যাত্রার জন্য ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে জানান, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আশির দশকের শেষভাগে অপরাধজগতে উত্থান, নব্বইয়ের দশকে ঢাকার বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার এবং কারাগারে থেকেও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের অভিযোগ—সব মিলিয়ে আবারও আলোচনায় এসেছেন একসময়কার এই আলোচিত ব্যক্তি।
যেভাবে অপরাধজগতে উত্থান
সুইডেন আসলামের পুরো নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। তার বাবা শেখ জিন্নাত আলী। পরিবারের সাথে তিনি ঢাকার ইন্দিরা রোডে বসবাস করতেন। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়) থেকে এসএসসি পাস করেন তিনি।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধজগতে তার উত্থান শুরু হয়। প্রথম দিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি।
১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে প্রথম আলোচনায় আসেন আসলাম।
নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। এই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সাথে আসলামের বিরোধ বাড়তে থাকে। দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত। এসব সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে।
১৯৯৬ সালে রানা গ্রুপের অন্যতম সদস্য পিচ্চি হান্নানকে নিজের দলে নিয়ে আসেন আসলাম। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানা হত্যাকাণ্ডে আসলাম ও হান্নানের নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, পিচ্চি হান্নানকে দিয়ে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন আসলাম।
রানা নিহত হওয়ার পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের আধিপত্য বিস্তৃত হয়। কারওয়ান বাজার ও তেজতুরি বাজার এলাকার দায়িত্ব দেওয়া হয় পিচ্চি হান্নানকে। তবে এসব এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আসলামের নির্দেশনায় পরিচালিত হতো বলে অভিযোগ রয়েছে।
কারাগারে থেকেও অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ
১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন সুইডেন আসলাম। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একই বছরের ২৬ মে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার বয়স ছিল ৩৫ বছর। সে সময় তার কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের কথাও জানা যায়।
গ্রেপ্তারের পর কারাগারে থাকলেও অপরাধজগতের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন পিচ্চি হান্নান।
অভিযোগ রয়েছে, কারাগারে বসেই বিভিন্ন এলাকার ব্যবসায়ী, আড়তদার, পোশাক কারখানার মালিক এবং জমি কেনাবেচার সাথে জড়িত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ন্ত্রণ করতেন আসলাম। এসব অর্থের ভাগও তিনি পেতেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া মাদক চোরাচালান, অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড এবং জমি দখলের মতো অপরাধেও তার সম্পৃক্ততার অভিযোগ ছিল।
কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় আলোচনায় আসেন তিনি। তার সেল থেকে দুটি মুঠোফোন উদ্ধারের তথ্যও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এসব ফোন ব্যবহার করে বাইরে থাকা সহযোগীদের সাথে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল। এ কারণে বিভিন্ন সময়ে তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।
যেভাবে নাম হয় ‘সুইডেন আসলাম’
আসলামের নামের আগে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে তার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা।
জানা যায়, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে বসবাস করেন। সেই সূত্রেই পরিচিতি পান ‘সুইডেন আসলাম’ নামে। পরে ইতির সাথে তার বিচ্ছেদ ঘটে।
আসলামের ঘনিষ্ঠজনদের কারও কারও দাবি, ২০১০ সালের পর জামিনে মুক্তি পাওয়ার সুযোগ থাকলেও ‘ক্রসফায়ারের’ আশঙ্কায় তিনি সেভাবে জামিনের চেষ্টা করেননি।
বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে মোট ১২টি মামলা ছিল। এর মধ্যে নয়টি হত্যা মামলা। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় তার সাজাও হয়েছিল।
২৭ বছর পর কারামুক্তি, আবার গ্রেপ্তার
দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সুইডেন আসলাম।
কারামুক্তির প্রায় দুই বছর পর আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি। থাইল্যান্ড যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার গ্রেপ্তারের ঘটনা নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতে আধিপত্য বিস্তার করা এই ব্যক্তিকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। তার বিরুদ্ধে থাকা মামলা ও অতীতের অপরাধের অভিযোগগুলোও আবার সামনে এসেছে।



