ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬

ফ্যাসিবাদবিরোধী অবস্থান ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও রাজনৈতিক ঐক্যের বিষয়েও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৈঠকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাস এবং দেশকে বর্তমান পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ঐক্যের বিষয়টিও আলোচনায় এসেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের জায়গা থেকে উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন। ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা বলেছি, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি।’

নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো স্পষ্ট না করার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বৈঠকে তুলে ধরেছেন তাঁরা।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যেকোনো রাজনৈতিক ঐক্য কিংবা জুলাইয়ের ঐক্যের প্রশ্নে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম এজেন্ডা হিসেবে রাখার আহ্বানও জানিয়েছেন তাঁরা।