বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬

ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র। একইসাথে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান ব্যবহারের ব্যবস্থাও করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার নির্দিষ্ট তারিখ এবারই প্রথম প্রকাশ্যে জানিয়েছেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রীয় বিমানেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এবারও সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

মুখপাত্র আরও বলেন, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। এখন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরার সুযোগ করে দেওয়া সরকারের দায়িত্ব।

এদিকে, শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তবে রোববার রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সাথে বাংলাদেশের কোনো সরকারি আলোচনাও হয়নি বলে জানান তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করা গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন।

তবে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে আসছেন।