শেখ হাসিনার ফেরা নিয়ে সরকারের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের কারণে বাংলাদেশের মানুষ আতঙ্কিত নয়। বরং সন্ত্রাসীদের বিষয়ে জনগণ কঠোর অবস্থানে রয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, অর্থের বিনিময়ে অনেক কিছু লেখানো যেতে পারে। কিন্তু বাস্তবতা ও প্রত্যাশা এক বিষয় নয়। এ দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে।

হুমায়ুন কবির বলেন, বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসতে দেওয়া হবে না। কারও দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবতার সাথে মিলতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে হাতকড়া পরানো অথবা কঠোর নজরদারির বিষয়টি বিবেচনায় আসবে।

ব্রিফিংয়ের শুরুতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের মানুষের অবস্থানও তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়ার প্রায় ৬০টি মিশনের প্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।