পোশাক শ্রমিকদের বেতন সমন্বয়ে বাড়বে ন্যূনতম ২ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামোয় সর্বনিম্ন বা চতুর্থ গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। এ ছাড়া নতুন কাঠামোর নির্ধারিত মজুরির চেয়ে বেশি বেতন পাওয়া শ্রমিকদের ক্ষেত্রেও বেতন সমন্বয়ের মাধ্যমে অন্তত ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় শুরু হওয়া বোর্ডের চতুর্থ সভা শেষ হয় বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে। পরে সংবাদ ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে।

নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। শ্রমিকেরা জানুয়ারি মাসে ডিসেম্বরের বেতনের সাথে নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন।

বেতন সমন্বয়ে বাড়তি ২ হাজার টাকা

নতুন মজুরি কাঠামোর পাশাপাশি বিদ্যমান বেতন সমন্বয়ের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। চেয়ারম্যান জানান, পুরোনো বেতন কাঠামোর সাথে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে অন্তত ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।

যেসব শ্রমিক বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রেও অন্তত ২ হাজার টাকা সমন্বয় করা হবে। ফলে শুধু নতুন ন্যূনতম মজুরির নিচে থাকা শ্রমিকেরাই নন, এর চেয়ে বেশি বেতন পাওয়া শ্রমিকদের বেতনও সমন্বয়ের আওতায় আসবে।

শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি ও বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনা করে নির্ধারণ করা হবে বলে জানান বোর্ড চেয়ারম্যান।

গেজেট প্রকাশের পর চূড়ান্ত হবে আনুষ্ঠানিকতা

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করার কথা রয়েছে। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।

চেয়ারম্যান জানান, দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য পাঠানো হবে। গেজেট প্রকাশের মাধ্যমে নতুন মজুরি কাঠামোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় ও কার্যকরের বিষয়গুলো স্পষ্ট করা হবে। এরপর কারখানাগুলোকে নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।