দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনার আশ্বাস মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাব দিয়েছে দেশটি। এ বিষয়ে ভবিষ্যতে সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধি, পর্যটন খাতের উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ সময় দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করা হয়।

জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।

পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয়। দুই দেশের পর্যটন খাতের উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক আদান-প্রদান বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক সইয়ের আগ্রহ প্রকাশ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে, বিমান যোগাযোগ ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।