৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। বুধবার সকালে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের সালনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। একই সময়ে মালেকের বাড়ি এলাকাতেও শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মজুরি বোর্ড নতুন বেতন কাঠামো ঘোষণার পর বুধবার সকাল থেকে পোশাকশ্রমিকদের একটি অংশ কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকেরা দলবদ্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেন।

একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে পুলিশ ও আনসারের ১০ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সালনা থেকে গাজীপুর নগরীর বোর্ডবাজার পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের পাশাপাশি এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, নাওজোড় ও মালেকের বাড়ি এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। এসব এলাকার বেশির ভাগ পোশাক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।