১৪ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৬
ঢাকাসহ দেশের ১৪ অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার (১৯ জুন) রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (২০ জুন) সকাল পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী কিংবা অতি ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী এক সপ্তাহ দেশজুড়ে বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।


