ইউরোপে বিনা মূল্যে মাস্টার্স, মাসে মিলবে ১ হাজার ৪০০ ইউরো

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ‘ইরাসমাস মুন্ডুস ইমিনেন্ট স্কলারশিপ-২০২৭’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। এ বৃত্তির আওতায় প্রতি মাসে ১ হাজার ৪০০ ইউরো করে উপবৃত্তি দেওয়া হবে।

ইরাসমাস মুন্ডুস ইউরোপীয় ইউনিয়ন পরিচালিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বৃত্তি কর্মসূচি। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইউরোপের অন্তত দুটি বা তার বেশি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পান।

আবেদনের শেষ সময়: ১ মার্চ ২০২৭।

যেসব সুযোগ-সুবিধা মিলবে

এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।

  • প্রতি মাসে ১ হাজার ৪০০ ইউরো উপবৃত্তি।

  • স্বাস্থ্যবিমা সুবিধা।

  • ভ্রমণ খরচ।

  • ভিসাসংক্রান্ত খরচ।

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, ম্যাটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

এ ছাড়া আবেদনকারীদের—

  • ২০২৭ সালের ১ আগস্টের মধ্যে স্নাতকের সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।

  • সেপ্টেম্বর বা অক্টোবরে গ্রিসে শুরু হতে যাওয়া প্রোগ্রামে অংশগ্রহণের সক্ষমতা থাকতে হবে।

  • ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় যেসব নথিপত্র প্রয়োজন হবে—

  1. একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

  2. মোটিভেশনাল লেটার।

  3. সুপারিশপত্র।

  4. স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)।

  5. হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।

  6. পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র।

  7. ইংরেজি ভাষায় দক্ষতার সনদ।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, বিস্তারিত যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য নির্দেশনা জানতে স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আবেদনের ওয়েবসাইট: https://eminent-master.eu/

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস