পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে চালু হচ্ছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬
বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের আগামী পঞ্চম অধিবেশন শুরুর আগেই এ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও মতামত প্রদানসংক্রান্ত কমিটির তৃতীয় (মুলতবি) সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।
থ্রিডি উপস্থাপনায় সৌরবিদ্যুতের পরিকল্পনা
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা তুলে ধরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
এতে সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার (এসি) কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত উৎপাদনক্ষমতা নির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
গঠন হচ্ছে কারিগরি কমিটি ও উপকমিটি
প্রকল্পের কাজ দ্রুত ও স্বচ্ছভাবে এগিয়ে নিতে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে একটি কারিগরি স্পেসিফিকেশন কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।
বুয়েট, জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হবে।
এ ছাড়া কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত বিষয় যাচাই-বাছাইয়ের জন্য তিন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলমকে নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়েছে।
২৪ নভেম্বরের মধ্যে স্পেসিফিকেশন জমার নির্দেশ
সভায় ডিপিডিসিকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে প্রণীত কারিগরি স্পেসিফিকেশন জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ডিপিডিসি, গণপূর্ত অধিদপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



