আমেরিকায় বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তি, বাতিল নতুন নিয়ম
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬
আমেরিকায় বিদেশি শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর। আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ সর্বোচ্চ চার বছরে সীমিত করার ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। গত ১৬ নভেম্বর দেওয়া এক রায়ে ম্যাসাচুসেটসের জেলা আদালত ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) প্রস্তাবিত নতুন নিয়মকে অযৌক্তিক ও আইনবহির্ভূত বলে উল্লেখ করেছেন।
নতুন নিয়মে এফ-১ (F-1) ভিসাধারী বিদেশি শিক্ষার্থীদের আমেরিকায় অবস্থানের মেয়াদ সর্বোচ্চ চার বছর করার প্রস্তাব ছিল। চার বছরের বেশি সময় ধরে পড়াশোনা করতে হলে শিক্ষার্থীদের নতুন করে অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতো। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবর্তন, নতুন বিষয়ে পড়াশোনা কিংবা অতিরিক্ত ডিগ্রি নেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপের পরিকল্পনা ছিল।
তবে আদালতের রায়ে আগের ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বা ডিএস ব্যবস্থা বহাল থাকছে। ফলে এফ-১ ভিসাধারী শিক্ষার্থীরা ভিসার শর্ত মেনে চললে তাঁদের অনুমোদিত শিক্ষাক্রম শেষ হওয়া পর্যন্ত আমেরিকায় অবস্থান করতে পারবেন। এ জন্য নির্ধারিত চার বছর পর নতুন করে অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করার বাধ্যবাধকতাও থাকছে না।
এই সিদ্ধান্তে আমেরিকায় উচ্চশিক্ষার পরিকল্পনা করা বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যাঁরা দীর্ঘমেয়াদি ডিগ্রি, গবেষণা কিংবা একাধিক শিক্ষাক্রম সম্পন্ন করতে চান, তাঁদের জন্য আগের নিয়ম বহাল থাকা গুরুত্বপূর্ণ।
তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আপিল করতে পারে। ফলে বিষয়টির পরবর্তী আইনি অগ্রগতি এবং সরকারের অবস্থানের ওপর নজর রাখতে হবে।



