বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয়ভাবে সম্মাননা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।

সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে নগদ দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়। শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত স্বীকৃতি বাড়াতে এ বছর জাতীয় পর্যায়ের এই সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জন করা হয়েছে।

এবার প্রাথমিক স্তরে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, মেডিক্যাল কলেজে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন শিক্ষক সম্মাননা পেয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় আরও ৫ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই সংখ্যা ১০০ জন।

প্রাথমিক পর্যায়ের ১০ জনের মধ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন ও মাদ্রাসার ২ জন শিক্ষক রয়েছেন। মাধ্যমিক পর্যায়ের ২০ জনের মধ্যে সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন এবং মাদ্রাসার ৫ জন শিক্ষক রয়েছেন।

কলেজ পর্যায়ে সম্মাননা পেয়েছেন ২৫ জন। তাঁদের মধ্যে সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন শিক্ষক রয়েছেন। সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জনের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক রয়েছেন।

চিকিৎসা শিক্ষায় ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষকও এবার সম্মাননা পেয়েছেন।

শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ইউনেসকোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।