লাগেজ কাটা বন্ধ হয়েছে, স্বর্ণপাচারকারীরাও ধরা পড়ছে: বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা হলে কঠোর শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ (ফায়ার)-২০২৬’ মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তা নির্ভর করে। তাই দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।
বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের সমস্যাগুলো কাটিয়ে পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে। এ জন্য কিছুটা সময় প্রয়োজন।
বিমানবন্দরে কর্মীদের কাজের বিষয়ে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চলা একটি প্রবণতার কারণে অনেকেই দায়িত্ব পালনে শিথিল হয়ে পড়েছিলেন। দলীয়ভাবে নিয়োগ পাওয়া কিছু কর্মীর কাজের সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
লাগেজ কাটার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে বিমানমন্ত্রী বলেন, বর্তমানে এ ধরনের ঘটনা হচ্ছে বলে তাঁর মনে হয় না। অতীতে দু-একটি ঘটনা ঘটে থাকলে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
বিমানবন্দরে স্বর্ণপাচারের ঘটনায় কর্মীদের আটকের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি ইতিবাচক বিষয়। আগে বিমানবন্দর দিয়ে স্বর্ণ পাচারকারীরা সহজেই বের হয়ে যেতে পারত। এখন কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে।
এর আগে বিমানবন্দরে অগ্নিকাণ্ড বা অন্য কোনো দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় যাচাই করতে মহড়াটি অনুষ্ঠিত হয়। বিমানমন্ত্রী এ সময় বিমান নিরাপত্তায় কোনো আপস না করার কথা বলেন।



