বিমানের বহরে আসছে ১০ এয়ারবাস, চুক্তি ৭ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার চুক্তি আগামী ৭ অক্টোবর সই হতে যাচ্ছে। চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সই অনুষ্ঠান হবে। এতে এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করবেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে এবং ছয়টি এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর ফলে আন্তর্জাতিক ও আঞ্চলিক—দুই ধরনের রুটেই বিমানের যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছিলেন, বাংলাদেশ ১০টি এয়ারবাস কিনছে এবং অক্টোবরে এ বিষয়ে চুক্তি হবে।
মন্ত্রী জানান, উড়োজাহাজগুলোর সরবরাহ ২০৩৩ সালে শুরু হতে পারে। পর্যায়ক্রমে ২০৩৬ বা ২০৩৭ সাল পর্যন্ত সব উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ১০টি এয়ারবাস কেনার মোট বাণিজ্যিক মূল্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
ক্রয়ের অর্থ পরিশোধের বিষয়ে মন্ত্রী জানিয়েছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি পাবলিক লিমিটেড কোম্পানি। সংস্থাটির নিজস্ব আয় ও উপযুক্ত অর্থায়নের মাধ্যমে উড়োজাহাজগুলোর মূল্য পরিশোধ করা হবে। যেহেতু উড়োজাহাজগুলো ধাপে ধাপে সরবরাহ করা হবে, অর্থ পরিশোধও পর্যায়ক্রমে করার পরিকল্পনা রয়েছে।
নতুন এয়ারবাসগুলো বহরে যুক্ত হলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ধরনে বৈচিত্র্য আসবে। বর্তমানে সংস্থাটির জেট উড়োজাহাজের বড় অংশই বোয়িংয়ের তৈরি। নতুন এ৩৫০-৯০০ ও এ৩২১নিও যুক্ত হলে বিমান একই সাথে বোয়িং ও এয়ারবাসের উড়োজাহাজ পরিচালনা করবে।
এয়ারবাস কেনার উদ্যোগটি বিমানের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ ও আধুনিকায়ন পরিকল্পনার অংশ। এর আগে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছিল বিমান। পরে আরও ১১টি বোয়িং যুক্ত হওয়ায় মোট ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানানো হয়।
পরিকল্পনা অনুযায়ী এয়ারবাসের ১০টি এবং নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত হলে বিমানের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নে বড় পরিবর্তন আসতে পারে।



