প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কূটনৈতিক যোগাযোগ চলছে: হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরিতে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য কীভাবে অনুকূল পরিবেশ তৈরি হবে—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে আলোচনা ও যোগাযোগের মাধ্যমে এসব চ্যালেঞ্জ ইতিবাচকভাবে সমাধান করে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব বলে তিনি আশাবাদী।
সফর সামনে রেখে শীর্ষ পর্যায়ের সংলাপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরের সময়ই শীর্ষ পর্যায়ের সংলাপ হতে পারে। এর আগে সরকারি ও কর্মকর্তা পর্যায়ে আলোচনা করে সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।
এর আগে ২৯ সেপ্টেম্বরও হুমায়ুন কবির জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলছে এবং পারস্পরিক অনুকূল পরিবেশ তৈরি হলেই সফরের সময় নির্ধারণ করা হবে।
ভারতীয় গণমাধ্যমে নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের খবর প্রকাশের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের খবর বাংলাদেশ থেকেই নেওয়া উচিত। প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তিনি বিষয়টি নিয়ে ব্রিফ করবেন এবং সাংবাদিকরা সবার আগে জানতে পারবেন বলেও জানান।
সফরের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের জন্য যা ভালো এবং জাতীয় স্বার্থের অনুকূলে, সেই সিদ্ধান্তই নেওয়া হবে।
এদিকে আগামী অক্টোবরে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সরকার কাজ করছে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও ইতোমধ্যে নেওয়া পদক্ষেপ যথাসময়ে স্পষ্ট করা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতি ও অনুকূল পরিবেশ তৈরির ওপরই সফরের সময় নির্ধারণ নির্ভর করছে।



