ডেঙ্গুতে ফের বাড়ল মৃত্যু, এক দিনে ১০ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে নতুন করে এক হাজার ৯৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৩৫৬ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা বিভাগের চারজন, খুলনা বিভাগের তিনজন, বরিশাল বিভাগের দুজন এবং রাজশাহী বিভাগের একজন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৯৬৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ২৯৯ জন।

সেপ্টেম্বরে মৃত্যু ১৪৮

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এর আগের মাস আগস্টে মারা যান ৪৩ জন। এ ছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে দুজন করে মারা যান।

অন্যদিকে অক্টোবরের প্রথম ছয় দিনেই ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি মাসেও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ইতিমধ্যে ৯০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় দুই হাজার রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে।