সীমান্ত দিয়ে ৪ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

বর্তমানে ওই চারজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।

জানা গেছে, আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা বিওপি এলাকার সীমান্ত দিয়ে আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা একজন নারী ও তিনজন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। খবর পেয়ে ১৪ বিজিবির সোনাডাঙ্গা বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করে।

বিজিবির বাধার মুখে ওই চারজন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। পরে তারা কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সার্বক্ষণিক নজরদারিও জোরদার করা হয়েছে।

নওগাঁ ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি বলেন, ‘বর্তমানে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রচেষ্টা চলছে। ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।’