বিতর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ব্যবহারের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

বাংলাদেশ বেতার আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তিবোধ, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা বিকশিত হয়। তবে বিতর্ক যেন শুধু তর্কের জন্য তর্কে পরিণত না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। বিতর্কে উপস্থাপিত তথ্য হতে হবে সঠিক, নির্ভরযোগ্য ও জ্ঞানভিত্তিক।

আজ বুধবার (৭ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ বেতার আয়োজিত ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিতর্কে অংশ নিতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জন করতে হয়। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু ভালো ফলাফল করাই যথেষ্ট নয়। খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা প্রয়োজন। এসব কার্যক্রম ভবিষ্যৎ কর্মজীবনে একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখে।

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে অনেক উপজেলায় এসব কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত দেশব্যাপী কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রতিযোগিতা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এসব উদ্যোগ আরো বিস্তৃত করার কাজ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানচর্চা সমৃদ্ধ হবে এবং তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম যেখানেই থাকুক, দিনের শেষে তারা বাংলাদেশের সন্তান। দেশ ও দেশের মানুষের কল্যাণে তাদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন সেন্ট যোসেফ স্কুল এবং রানার্সআপ সামসুল হক খান স্কুলকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী। তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদেরও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে ফাইনাল বিতর্কের মডারেটর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও প্রেস) মো. শাহ আলম বক্তব্য দেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের মধ্যে ট্রফি, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।