ঐক্যের প্রক্রিয়ায় সংস্কার ও বিচারকে প্রাধান্য দিতে হবে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তাঁরা। জুলাইয়ের ঐক্যের প্রশ্নে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিতে হবে।

বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের পর গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে সরকারের কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা তৈরি করেছে। এ কারণে তাঁরা ওই কমিটি বাতিলের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টিও বৈঠকে আলোচনায় এসেছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি শেখ হাসিনার রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশের কোনো আপস করা উচিত হবে না। বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে ভারতের সরাসরি সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।

দেশের বর্তমান লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, এ প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ‘এটি শুধু কোনো দলের লড়াই নয়, জনগণের লড়াই। তাই এ পরিস্থিতি মোকাবিলায় জনগণের ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্যের অন্যতম এজেন্ডা হতে হবে সংস্কার বাস্তবায়ন।’

আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর পাশে এনসিপি থাকবে বলেও জানান নাহিদ ইসলাম।