বিএনপিতে ফেরার আবেদন করেননি, জানালেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতাকর্মীদের মধ্যে প্রায় ১০০ জনকে বিএনপিতে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ চলছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ তালিকায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার নাম রয়েছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। তবে বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন রুমিন ফারহানা।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে (বিএনপি) ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি। আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না।’
বিএনপিতে ফেরার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনা ও গুঞ্জনের পরিপ্রেক্ষিতেই তিনি এ বক্তব্য দিয়েছেন।



