বাংলাদেশিদের জন্য ফ্রান্সে স্নাতকোত্তর স্কলারশিপ, আবেদন দ্রুত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

ফ্রান্সের সায়েন্সেস পো বা প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজে স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ দিচ্ছে এমিলি বাউটমি স্কলারশিপ। বাংলাদেশসহ ইউরোপের বাইরের দেশগুলোর শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬।

সায়েন্সেস পো নামে পরিচিত প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। তাঁদের প্রায় ৪০ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী। ফ্রান্সের রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী এমিলি বাউটমির নামে এ স্কলারশিপের নামকরণ করা হয়েছে।

যেসব সুবিধা

স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ বছরে সর্বোচ্চ ১৮ হাজার ৫০০ ইউরো পর্যন্ত দেওয়া হবে। পাশাপাশি আবাসন ও খেলাধুলার সুযোগ এবং স্বাস্থ্যবিমার সুবিধা রয়েছে।

এ ছাড়া সায়েন্সেস পোতে পড়াশোনার জন্য ফরাসি ভাষা জানা বাধ্যতামূলক নয়।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের ইউরোপের বাইরের দেশের নাগরিক হতে হবে। ইউরোপীয় নাগরিকত্বসহ দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

আবেদনকারীকে প্রথমবার সায়েন্সেস পোতে আবেদনকারী হতে হবে এবং স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে। পাশাপাশি স্নাতক পর্যায়ে ভালো ফলাফল থাকতে হবে।

যেসব নথি লাগবে

আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত (সিভি), একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র, পাসপোর্টের কপি, একটি একাডেমিক রেফারেন্স এবং পরিবারের আর্থিক অবস্থা ব্যাখ্যা করে এমন আয়ের প্রমাণপত্র দিতে হবে।

আবেদন যেভাবে

অনলাইনে আবেদন করা যাবে। স্কলারশিপের বিস্তারিত তথ্য ও আবেদনের প্রক্রিয়া জানতে সায়েন্সেস পো-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখা যেতে পারে।

আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬।