জার্মানিতে প্রশিক্ষণ নিলেই ভাতা, শেষে চাকরি ও স্থায়ী হওয়ার সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়াই জার্মানিতে পেশাগত প্রশিক্ষণ নিয়ে দক্ষ কর্মী হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। দেশটির বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি ‘আউসবিলডুং’-এ (Ausbildung) হাতে-কলমে কাজ শেখার পাশাপাশি তাত্ত্বিক শিক্ষা নেওয়া যায়। প্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণে মাসিক ভাতাও মেলে। প্রশিক্ষণ শেষে উপযুক্ত চাকরি খুঁজতে সর্বোচ্চ ১৮ মাস জার্মানিতে থাকার সুযোগ রয়েছে।

জার্মান সরকারের সরকারি অভিবাসনবিষয়ক ওয়েবসাইট ‘মেক ইট ইন জার্মানি’র ২০২৬ সালের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণে মাসিক ভাতা অন্তত ১ হাজার ৪৮ ইউরো গ্রস অথবা ৮২২ ইউরো নেট হলে সাধারণত জীবনযাত্রার ব্যয়ের শর্ত পূরণ হয়। বিদ্যালয়ভিত্তিক প্রশিক্ষণের ক্ষেত্রে মাসে অন্তত ৯৫৯ ইউরো নেট আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হয়। ভাতা বা আর্থিক সংস্থানের পরিমাণ নির্ধারিত সীমার কম হলে ঘাটতি অর্থের ব্যবস্থা দেখাতে হবে।

কী এই আউসবিলডুং?

আউসবিলডুং জার্মানির পেশাভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থা। সাধারণত দুই থেকে সাড়ে তিন বছর মেয়াদি এ প্রশিক্ষণের মাধ্যমে নির্দিষ্ট পেশায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মদক্ষতা অর্জন করা যায়।

এ প্রশিক্ষণের প্রধান দুটি ধরন রয়েছে। প্রতিষ্ঠানভিত্তিক বা ডুয়াল প্রশিক্ষণে কোনো প্রতিষ্ঠানে কাজ শেখার পাশাপাশি পেশাগত বিদ্যালয়ে পড়তে হয়। এতে সাধারণত মাসিক ভাতা পাওয়া যায়। অন্যদিকে বিদ্যালয়ভিত্তিক প্রশিক্ষণে মূলত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও প্রশিক্ষণ দেওয়া হয়। এ ক্ষেত্রে নিয়মিত ভাতা নাও থাকতে পারে।

বাংলাদেশিদের যোগ্যতা ও ভাষাগত দক্ষতা

বাংলাদেশি নাগরিকেরাও নির্ধারিত শর্ত পূরণ করে এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারেন। প্রথমে জার্মানির কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা ও আর্থিক সামর্থ্য থাকতে হবে।

জার্মান সরকারের সাধারণ নির্দেশনায় প্রশিক্ষণ ভিসার জন্য বি১ (B1) পর্যায়ের ভাষাগত দক্ষতার কথা বলা হয়েছে। তবে ঢাকায় জার্মান দূতাবাসের ১৫ জানুয়ারি ২০২৬-এর নির্দেশনা অনুযায়ী, সাধারণ প্রশিক্ষণের ক্ষেত্রে অন্তত এ২ (A2) এবং চিকিৎসাসংশ্লিষ্ট পেশায় বি১ পর্যায়ের দক্ষতা প্রয়োজন। প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান আরও উচ্চতর ভাষাগত যোগ্যতা চাইতে পারে।

প্রশিক্ষণের পাশাপাশি কাজের সুযোগ

প্রশিক্ষণের আবাসন অনুমতিতে মূল প্রশিক্ষণের বাইরে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা অতিরিক্ত কাজ করা যায়। তবে কাজটি প্রশিক্ষণ থেকে স্বতন্ত্র হতে হবে এবং জার্মানির শ্রম আইন মেনে চলতে হবে।

প্রশিক্ষণ শেষে চাকরি ও স্থায়ী বসবাস

জার্মানিতে স্বীকৃত পেশাগত প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর উপযুক্ত চাকরি খুঁজতে সর্বোচ্চ ১৮ মাস থাকার অনুমতি পাওয়া যায়। এ সময়ে চাকরি পেলে দক্ষ কর্মী হিসেবে বসবাসের অনুমতির জন্য আবেদন করা সম্ভব।

প্রশিক্ষণ শেষ করলেই স্থায়ী বসবাসের অনুমতি বা পিআর পাওয়া যায় না। তবে জার্মানিতে পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করে দক্ষ কর্মী হিসেবে অন্তত দুই বছর কাজ করার পর নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সেটেলমেন্ট পারমিটের আবেদন করা যায়। এ ক্ষেত্রে অন্তত ২৪ মাস পেনশন বিমায় অবদান, বি১ পর্যায়ের ভাষাগত দক্ষতা, পর্যাপ্ত আবাসন এবং জার্মানির আইন ও সমাজব্যবস্থা সম্পর্কে মৌলিক জ্ঞানসহ অন্যান্য শর্ত পূরণ করতে হয়।

প্রশিক্ষণের সুযোগ না পেলেও বিকল্প

যাঁরা এখনো কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সুযোগ পাননি, তাঁদের জন্য প্রশিক্ষণের স্থান খোঁজার ভিসা রয়েছে। এ ভিসায় সর্বোচ্চ ৯ মাস জার্মানিতে থেকে প্রশিক্ষণের সুযোগ খোঁজা যায়।

এ ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে, জার্মান ভাষায় অন্তত বি১ পর্যায়ের দক্ষতা থাকতে হবে এবং এমন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, যা জার্মানিতে উচ্চশিক্ষায় প্রবেশের সুযোগ দেয়। ২০২৬ সালের হিসাবে প্রতি মাসে অন্তত ১ হাজার ৯১ ইউরো আর্থিক সামর্থ্যের প্রমাণও দিতে হবে। এ ভিসায় সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ এবং সর্বোচ্চ দুই সপ্তাহ পরীক্ষামূলক কাজের সুযোগ রয়েছে।

বাংলাদেশ থেকে আবেদন করবেন যেভাবে

বাংলাদেশি আবেদনকারীদের জার্মানির জাতীয় ভিসা নিতে হবে। ঢাকায় জার্মান দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, অনলাইনে নিবন্ধন করে নির্ধারিত দিনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আবেদন জমা দিতে হয়।

সাধারণত প্রশিক্ষণ চুক্তি, প্রশিক্ষণ পরিকল্পনা, শিক্ষাগত সনদ, ভাষাগত দক্ষতার প্রমাণ, জীবনবৃত্তান্ত, উদ্দেশ্যপত্র, পাসপোর্ট ও স্বাস্থ্যবিমার কাগজপত্র প্রয়োজন হয়। দূতাবাসের তথ্য অনুযায়ী, ভিসা প্রক্রিয়াকরণে কমপক্ষে চার সপ্তাহ সময় লাগতে পারে। তবে জার্মানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হওয়ায় বেশি সময়ও লাগতে পারে।

আগ্রহীরা জার্মানির সরকারি ‘মেক ইট ইন জার্মানি’ এবং ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সির ওয়েবসাইটে প্রশিক্ষণের সুযোগ খুঁজতে পারেন। আবেদন করার আগে পছন্দের পেশা, প্রতিষ্ঠানের শর্ত, ভাষাগত যোগ্যতা ও আর্থিক প্রস্তুতি যাচাই করা জরুরি।