বন্ধুর ডাকে গিয়ে আর ফেরেননি রাকিব, লাশ মিলল নীলফামারীতে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

এইচএসসি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে ঢাকায় এসেছিলেন ১৭ বছর বয়সী শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম। পূর্ব শেওড়াপাড়ার একটি মেসে থেকে ফার্মগেটের একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন তিনি। গত ১৬ সেপ্টেম্বর বিকেলে হোয়াটসঅ্যাপে ফোন করে তাকে বাসার বাইরে ডেকে নেওয়া হয়। এরপর আর মেসে ফেরেননি রাকিব।

পুলিশের দাবি, অনলাইনে পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্ব হওয়া আব্দুল্লাহ আল মামুন ওরফে মামুন সরকার (২৪) রাকিবকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের সামনে থেকে শুক্রাবাদের বাসায় নিয়ে যান। সেখানে তাকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় মামুন রাকিবের ঘাড় মটকে দিলে তাঁর মৃত্যু হয়।

পরে রাকিবের মরদেহ কার্টনে ভরে স্কচটেপ দিয়ে মুড়িয়ে অটোরিকশায় গাবতলী বাসস্ট্যান্ডে নিয়ে যান মামুন। সেখান থেকে বিভিন্ন যানবাহনে নীলফামারীর ডিমলায় নিজের বাড়িতে যান তিনি। পরদিন ১৭ সেপ্টেম্বর বাড়ির সামনে সুপারি বাগানে গর্ত করে কার্টনসহ রাকিবের মরদেহ মাটিচাপা দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ক্রাইম প্রিভেনশন (উত্তর) বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম।

পুলিশ জানায়, রাকিব নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের কাছে ফোন ও অনলাইন যোগাযোগের মাধ্যমে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে রাকিবকে হত্যার হুমকিও দেওয়া হয়। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে চারটি বিকাশ ও তিনটি নগদ নম্বরে মোট চার লাখ টাকা পাঠান।

রাকিবের বড় ভাই জহুরুল ইসলাম জীবন প্রথমে কাফরুল থানায় তাঁর নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন। পরে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা করেন।

মহিদুল ইসলাম জানান, মুক্তিপণ দাবিতে ব্যবহৃত দুটি হোয়াটসঅ্যাপ নম্বরের ব্যবহারকারী হিসেবে মামুনকে শনাক্ত করে পুলিশ। পরে ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের শুক্রাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে মামুন রাকিবকে ডেকে নেওয়া, জিম্মি করে মুক্তিপণ দাবি এবং পরে তাঁর মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ডিমলা থানা পুলিশের সহায়তায় একটি সুপারি বাগান থেকে কার্টনে ভর্তি অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর বড় ভাই জীবন মরদেহ শনাক্ত করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ মামুনের কাছ থেকে মুক্তিপণের ৫০ হাজার টাকা নগদ উদ্ধার করেছে।

হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কি না এবং মুক্তিপণের অর্থ লেনদেনসহ ঘটনার অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছেন মহিদুল ইসলাম।