অনিশ্চিত পরিবেশে রোহিঙ্গারা ফিরতে রাজি নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬
রোহিঙ্গারা মিয়ানমারে তাদের জন্মভূমি বা আবাসস্থলকে প্রত্যাখ্যান করছে না। তবে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, সেই অনিশ্চিত পরিবেশে তারা ফিরতে রাজি নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, ‘প্রত্যাবাসন হচ্ছে একটি বিশ্বাসের বিষয়। রোহিঙ্গারা অধিকার চায়, কোনো দান বা অনুকম্পা নয়।’
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ ও ক্রিমিনোলজি রিসার্চ ফোরাম আয়োজিত ‘অনিশ্চিত প্রত্যাবর্তন : রোহিঙ্গা কণ্ঠস্বর ও প্রত্যাবাসন’ শীর্ষক জাতীয় নীতি প্রচার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের কাছেই রয়েছে। বাংলাদেশ অনির্দিষ্টকাল এই সংকট বহন করতে পারবে না। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু সমর্থনের বিবৃতি দেওয়ার পরিবর্তে কার্যকর ও অনুমানযোগ্য সহায়তার দিকে এগিয়ে আসতে হবে।
তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। সেখানে রোহিঙ্গা সংকটসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাঁচটি জরুরি অগ্রাধিকার তুলে ধরা হয়েছিল বলে জানান তিনি।
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য জাতীয় কৌশল প্রণয়ন কমিটি গঠনের কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, কক্সবাজারে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে স্থানীয় জনগোষ্ঠীর ওপরও চাপ তৈরি হচ্ছে। আশ্রয়দাতা সম্প্রদায়কে প্রভাবিত করে ক্রমবর্ধমান অপরাধ ও নিরাপত্তাহীনতাকে কোনোভাবেই নতুন স্বাভাবিক পরিস্থিতি হিসেবে মেনে নেওয়া যাবে না।
অনুষ্ঠানে ক্রিমিনোলজি বিভাগ আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।



