সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪, মজুরি বৃদ্ধি ৭.৯০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

দেশে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশে। আগস্টে এ হার ছিল ৮.২৬ শতাংশ।

মূল্যস্ফীতি বাড়লেও একই সময়ে কমেছে মজুরি বৃদ্ধির হার। ফলে জীবনযাত্রার ব্যয় বাড়লেও আয়ের প্রবৃদ্ধি সেই অনুপাতে বাড়েনি। আজ বুধবার (৭ অক্টোবর) সেপ্টেম্বরের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ও মজুরি হারের তথ্য প্রকাশ করে বিবিএস।

বিবিএসের হিসাবে, সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭.২২ শতাংশ, যা আগস্টে ছিল ৭.০২ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৩০ শতাংশে নেমেছে। আগস্টে এ হার ছিল ৯.৩২ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮.৯৮ শতাংশ।

গ্রামে মূল্যস্ফীতি বেশি

সেপ্টেম্বরে গ্রামীণ এলাকায় সাধারণ মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৩৮ শতাংশ, যা আগস্টে ছিল ৮.৩১ শতাংশ। এ সময়ে গ্রামে খাদ্য খাতে মূল্যস্ফীতি ৭.০১ শতাংশ থেকে বেড়ে ৭.১৮ শতাংশ হয়েছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৫৭ শতাংশে নেমেছে। আগস্টে এ হার ছিল ৯.৫৯ শতাংশ।

শহর এলাকায় সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.২৬ শতাংশে, যা আগস্টে ছিল ৮.২০ শতাংশ। শহরে খাদ্য খাতে মূল্যস্ফীতি ৭.০৪ শতাংশ থেকে বেড়ে ৭.২৫ শতাংশ হয়েছে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮.৯৭ শতাংশ থেকে কমে ৮.৯৪ শতাংশে নেমেছে।

কমেছে মজুরি বৃদ্ধির হার

মূল্যস্ফীতি বাড়লেও সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার কমেছে। বিবিএসের মজুরি হার সূচক (ডাব্লিউআরআই) অনুযায়ী, সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার ছিল ৭.৯০ শতাংশ। আগস্টে তা ছিল ৮.০৫ শতাংশ।

খাতভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি বেড়েছে ৭.৮৯ শতাংশ, শিল্প খাতে ৭.৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮.০৭ শতাংশ।

দেশের ৬৪ জেলার ১৪৩টি হাট-বাজার থেকে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে মূল্যস্ফীতি ও মজুরি হারের এ পরিসংখ্যান তৈরি করেছে বিবিএস।