বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্ক জোরদারে ভিসা ও বাণিজ্যে গুরুত্ব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ভিসা ও ভ্রমণপ্রক্রিয়া সহজ করা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং সরাসরি বিমান যোগাযোগ চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটন, শিক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সাথে সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা। এ সময় দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো, শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল নিয়ে সহযোগিতার বিষয় গুরুত্ব পায়। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় ভ্রমণ করা পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টিও তুলে ধরা হয়।
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং বাংলাদেশে ইন্দোনেশিয়ার আরও বেশি কোম্পানির কাজের সুযোগ তৈরির বিষয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। একই সাথে বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে ভিসাপ্রক্রিয়া সহজ করা, বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু করা এবং বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া তৈরি পোশাক, পাট, কৃষিপণ্য ও পাম অয়েলের বাণিজ্য বাড়ানোর পাশাপাশি হালাল পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ নিয়েও আলোচনা হয়।
দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারি আরও গভীর করতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিসতিওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধা উপস্থিত ছিলেন।



