নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, সিসিটিভিতে শনাক্ত অভিযুক্ত

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান নাগরিক কিরিল লেন্ডার উইবারের ব্যাগ চুরির ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যাগটি উদ্ধারে অভিযান চলছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, হলুদ কটি পরা এক যুবক জার্মান নাগরিক কিরিলের সাথে কৌশলে সখ্যতা তৈরি করেন। একপর্যায়ে সুযোগ বুঝে নিজের কটি খুলে তার ভেতরে ব্যাগটি লুকিয়ে নিয়ে চলে যান ওই যুবক।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার পর থেকেই ব্যাগ উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। রাতভর অভিযান চালানোর পাশাপাশি নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে।

এর আগে বুধবার নাটোরে যান ১৮ বছর বয়সী জার্মান নাগরিক কিরিল লেন্ডার উইবার। রেলস্টেশনে হলুদ কটি পরা এক ব্যক্তি নিজেকে রেলের কর্মী পরিচয় দিয়ে তার সাথে ঘনিষ্ঠতা তৈরি করেন। পরে টিকিট নিতে যাওয়ার সময় সরল বিশ্বাসে ওই ব্যক্তির কাছে ব্যাগ রেখে যান কিরিল। ফিরে এসে ব্যাগসহ ওই ব্যক্তিকে আর সেখানে দেখতে পাননি তিনি।

কিরিল জানান, ব্যাগে ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জিনিসপত্র ছিল।

ব্যাগ হারানোর পর রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তাকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে সহায়তার অপেক্ষায় দীর্ঘ সময় অবস্থান করেন তিনি। এ সময় কান্নায় ভেঙে পড়েন কিরিল। গভীর রাত পর্যন্ত সাংবাদিকরাও তার সাথে থানায় ছিলেন।

পুলিশ জানিয়েছে, কিরিলের ম্যাকবুকের সর্বশেষ অবস্থান রাজশাহীতে শনাক্ত হয়েছিল। নাটোরে ভালো মানের হোটেল না থাকায় নিরাপত্তার কথা বিবেচনা করে পরে তাকে রাজশাহীতে পাঠানো হয়।