গ্রাম পুলিশের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার আশা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬
সারা দেশের গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় সমাবেশ আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে সকাল ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
গ্রাম পুলিশ সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর একটি উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা আহ্বান করেছে স্থানীয় সরকার বিভাগ। ওই দিন বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
ইউনিয়ন পরিষদ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দফাদার ও মহল্লাদার পদে নিয়োজিত এ বাহিনীর সদস্যরা গ্রামীণ এলাকায় রাতের পাহারা, স্থানীয় অপরাধ দমনে থানা পুলিশকে সহায়তা, তথ্য সংগ্রহ এবং স্থানীয় সরকারের বিভিন্ন প্রশাসনিক কাজে দায়িত্ব পালন করেন।
তবে দীর্ঘদিন ধরে দায়িত্বের তুলনায় বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা অপ্রতুল বলে অভিযোগ করে আসছেন গ্রাম পুলিশ সদস্যরা। বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাঁরা বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোসহ নানা দাবি জানিয়ে আসছেন।
তাঁদের দাবির মধ্যে রয়েছে জাতীয় বেতন স্কেলের আওতায় অন্তর্ভুক্তি ও নতুন বেতন গ্রেড নির্ধারণ, নিয়মিত রেশন, চিকিৎসা ও ঝুঁকি ভাতা, অবসরকালীন এককালীন আর্থিক সুবিধা, বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা।
সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, আগামী ৭ নভেম্বরের সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাম পুলিশ সদস্যদের দীর্ঘদিনের এসব দাবির বিষয়ে ইতিবাচক ঘোষণা দিতে পারেন।



