শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স তাঁকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারি: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক সেমিনারটির যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

হুমায়ুন কবির জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর সুবিধাজনক সময়ে তাঁকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা

সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সৌদি আরবের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা চলছে।

তিনি বলেন, এ ধরনের চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে হলে সরকার বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করবে। পাশাপাশি বাংলাদেশের শান্তিরক্ষার অভিজ্ঞতা মুসলিম দেশগুলোর সেবা এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজে লাগানোর সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সৌদিতে বাংলাদেশি কর্মীদের অধিকার অগ্রাধিকার

সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সরকারের কাছে অগ্রাধিকার পাবে বলে জানান হুমায়ুন কবির।

তিনি বলেন, শ্রমিক নিয়োগের প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের স্বার্থ রক্ষায় সৌদি আরবের সহযোগিতাকে বাংলাদেশ গুরুত্ব দেয়। বাংলাদেশি কর্মীদের শুধু শ্রমের উৎস হিসেবে নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম। আরও বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীসহ অন্যরা।