হার্ভার্ডে ছয় সপ্তাহের আবাসিক ফেলোশিপ, ব্যয় বহন করবে কর্তৃপ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬
বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্বের বিকাশ ও ক্ষমতায়নে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য ‘লিড ফেলোশিপ প্রোগ্রাম’-এ আবেদন আহ্বান করেছে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে কর্মরত নারী পেশাজীবীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। এতে নেতৃত্ব উন্নয়নে প্রশিক্ষণ, এক্সিকিউটিভ কোচিং, মেন্টরশিপ এবং হার্ভার্ডে ছয় সপ্তাহের আবাসিক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
ফেলোশিপের আওতায় নির্ধারিত বিমানভাড়া, আবাসন, ভিসা ফি ও দৈনিক ভাতাসহ সংশ্লিষ্ট খরচ বহন করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
লিডের পূর্ণরূপ ‘লার্ন, এনগেজ, অ্যাডভান্স অ্যান্ড ডিসরাপ্ট’। বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্বের দক্ষতা বাড়ানো ও তাঁদের ক্ষমতায়ন এ কর্মসূচির মূল লক্ষ্য। এক বছর মেয়াদি এ কর্মসূচির আয়োজন করছে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ।
ফেলোশিপের কার্যক্রম
ফেলোশিপটি দুই ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে থাকবে ভার্চ্যুয়াল কার্যক্রম এবং দ্বিতীয় ধাপে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সরাসরি অংশগ্রহণের সুযোগ।
প্রথম ধাপ: ভার্চ্যুয়াল কার্যক্রম
প্রথম ধাপে ফেলোরা নিজেদের ব্যক্তিগত নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনা তৈরি করবেন। এক্সিকিউটিভ কোচিংয়ের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা বাড়ানোর পাশাপাশি একাডেমিক ক্রেডেনশিয়াল অর্জন, জে-১ ভিসার প্রক্রিয়া এবং কোর্সের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া অনলাইন মেন্টরশিপ সেশন ও বিভিন্ন ভার্চ্যুয়াল আয়োজনে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
দ্বিতীয় ধাপ: হার্ভার্ডে ছয় সপ্তাহের কর্মসূচি
দ্বিতীয় ধাপে নির্বাচিত ফেলোরা ২০২৭ সালের এপ্রিলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছয় সপ্তাহ অবস্থান করবেন। এ সময় তাঁরা নেতৃত্ববিষয়ক কর্মশালা, এক্সিকিউটিভ এডুকেশন কোর্স, জনসমক্ষে বক্তব্য দেওয়া এবং দল গঠনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।
এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নির্ধারিত ব্যয় ফেলোশিপের আওতায় বহন করা হবে। এর মধ্যে রয়েছে যাওয়া-আসার বিমানভাড়া, আবাসন, ভিসা ফি ও দৈনিক ভাতা।
ফেলোশিপে যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে
- ব্যক্তিগত নেতৃত্বের দক্ষতা বাড়াতে এক্সিকিউটিভ কোচিং;
- হার্ভার্ডের শিক্ষকদের কাছ থেকে মেন্টরশিপ;
- হার্ভার্ডের বিভিন্ন আয়োজনে বক্তব্য দেওয়ার সুযোগ;
- এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশগ্রহণ;
- বৈশ্বিক বিশেষজ্ঞদের নেতৃত্ববিষয়ক মাস্টারক্লাসে অংশ নেওয়া;
- সম্পূর্ণ অর্থায়নে ছয় সপ্তাহের আবাসিক কর্মসূচিতে অংশগ্রহণ;
- আবাসিক কর্মসূচির জন্য বিমানভাড়া, আবাসন, ভিসা ফি ও দৈনিক ভাতা।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
এ ফেলোশিপের জন্য আবেদন করতে প্রার্থীদের নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে—
- নিম্ন ও মধ্যম আয়ের কোনো দেশে কর্মরত নারী পেশাজীবী হতে হবে;
- সংশ্লিষ্ট বিষয়ে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
- বৈশ্বিক স্বাস্থ্য খাতে কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে;
- বর্তমান নিয়োগকর্তার পূর্ণ সমর্থন থাকতে হবে;
- নিজ প্রতিষ্ঠানের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা বা চ্যাম্পিয়নকে রেফারেন্স হিসেবে মনোনীত করতে হবে;
- ২০২৭ সালের এপ্রিলে ছয় সপ্তাহের আবাসিক কর্মসূচিতে অংশ নিতে কর্মস্থল থেকে ছুটি পাওয়ার সুযোগ থাকতে হবে;
- জে-১ ভিসা পাওয়ার যোগ্য হতে হবে এবং আমেরিকার বোস্টনে অবস্থান করতে সক্ষম হতে হবে;
- ফেলোশিপ শেষে নিজ দেশে ফিরে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর পরিকল্পনা থাকতে হবে;
- গত দুই বছরে চার মাস বা তার বেশি মেয়াদি কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশ নেওয়া যাবে না।
আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের জন্য প্রয়োজন হবে—
- হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি);
- সর্বোচ্চ দেড় পৃষ্ঠার উদ্দেশ্যপত্র;
- চারটি প্রবন্ধ, প্রতিটি সর্বোচ্চ দুই হাজার অক্ষরের মধ্যে;
- নিজ প্রতিষ্ঠানের কমিটমেন্ট লেটার;
- মেন্টরের কমিটমেন্ট লেটার;
- দুটি রেফারেন্স লেটার।
আবেদনের নিয়ম ও শেষ সময়
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ফেলোশিপের বিস্তারিত তথ্য, যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা জানতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬।



