নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

নেদারল্যান্ডসে উচ্চশিক্ষা গ্রহণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে দেশটির মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য এ বৃত্তির আওতায় টিউশন ফি, জীবনযাত্রার খরচ, ভিসা ফি ও স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের যোগ্য শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়টি মূলত দুই ধরনের বৃত্তি দিচ্ছে—মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপ এবং হল্যান্ড স্কলারশিপ। আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি ২০২৭। তবে স্কলারশিপের জন্য বিবেচিত হতে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে পূর্ণাঙ্গ আবেদন ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করতে হবে।

স্কলারশিপের সুযোগ-সুবিধা

এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—

  • সম্পূর্ণ টিউশন ফি;
  • ভিসা ফি;
  • স্বাস্থ্যবিমার জন্য ৭০০ ইউরো;
  • ১৩ মাসের প্রোগ্রামের জন্য জীবনযাত্রার খরচ বাবদ ২০ হাজার ১৫০ ইউরো;
  • ২৫ মাসের প্রোগ্রামের জন্য জীবনযাত্রার খরচ বাবদ ৩৮ হাজার ৭৫০ ইউরো।

স্কলারশিপের ধরন

মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি দুই ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। প্রথমটি বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপ। দ্বিতীয়টি হল্যান্ড স্কলারশিপ, যা নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে দেওয়া হয়।

এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামের মেয়াদ ১৩ মাস এবং দুই বছরের প্রোগ্রামের মেয়াদ ২৫ মাস।

আবেদনের যোগ্যতা

এ স্কলারশিপের জন্য আবেদন করতে প্রার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে—

  • ২০২৭-২৮ শিক্ষাবর্ষে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির কোনো স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে হবে;
  • সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামের ভর্তি-সংক্রান্ত সব শর্ত পূরণ করতে হবে;
  • ২০২৭ সালের ১ সেপ্টেম্বর আবেদনকারীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না;
  • স্নাতক পর্যায়ে ভালো ফল থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া ও শেষ সময়

স্কলারশিপের জন্য আবেদন করার আগে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির পছন্দের মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের স্কলারশিপের জন্য বিবেচিত হতে সংশ্লিষ্ট প্রোগ্রামে পূর্ণাঙ্গ আবেদন ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করা প্রয়োজন।

এরপর স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য, নির্দিষ্ট প্রোগ্রামের শর্ত ও আবেদনপ্রক্রিয়া জানতে মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

স্কলারশিপ আবেদনের শেষ সময়: ১ ফেব্রুয়ারি ২০২৭।

 

*আবেদন করতে ও বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন