ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৩১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৮২ জনে।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ২৯৯ জনের মধ্যে নারী ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ১ শতাংশ।
মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে কেউ মারা যাননি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর ডেঙ্গুতে প্রাণহানি বাড়তে থাকে। জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা যান।
সেপ্টেম্বরে পরিস্থিতির আরও অবনতি হয়। ওই মাসে ডেঙ্গুতে প্রাণ হারান ১৪৮ জন। আর চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে মৃত্যু হয়েছে ৫৪ জনের।



