‘হু ইজ হাদি?’ প্রশ্নে সরব ফেসবুক, জবাব দিলেন মীর স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হু ইজ হাদি?’ প্রশ্ন ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যে শহিদ শরীফ ওসমান হাদির অবদান তুলে ধরেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তাঁর মতে, জুলাই অভ্যুত্থানের আগে ও পরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনেকের অবদান থাকলেও জুলাইকে রক্ষায় ওসমান হাদির সংগ্রাম ও আত্মত্যাগ ছিল অনন্য।

শুক্রবার (৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন স্নিগ্ধ।

পোস্টে তিনি লেখেন, উপমহাদেশ তো বটেই, বিশ্বরাজনীতি নিয়ে গবেষণা করলেও ওসমান হাদির মতো রাজনৈতিক চরিত্র আরও পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

স্নিগ্ধ বলেন, অল্প সময়ে হাদির উত্থান এবং বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের মধ্যে তাঁর জনপ্রিয়তা ইতিহাসে বিরল।

তিনি লেখেন, ‘ওসমান হাদি হলো সেই স্ফুলিঙ্গ, যার আবির্ভাব ক্ষণিকের জন্য, কিন্তু তার আলোর বিকাশ অসীম কালের। সুতরাং “ওসমান হাদি কে?”—এই প্রশ্ন জুলাইয়ের অগ্রনায়কদের হতে পারে না।’

পোস্টে প্রধানমন্ত্রী কর্তৃক ওসমান হাদির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টিও তুলে ধরেন স্নিগ্ধ। তিনি লেখেন, ‘ওসমান হাদির গুরুত্বের কারণেই প্রধানমন্ত্রী নিজের ভাইয়ের কবর জিয়ারত করার আগে হাদির কবর জিয়ারত করেন।’

পোস্টের শেষাংশে ইংরেজিতে স্নিগ্ধ লেখেন, ‘At the end of the day, Osman Hadi is Osman Hadi. No one is like him. No one can replace him.’ অর্থাৎ, শেষ পর্যন্ত ওসমান হাদি, ওসমান হাদিই। তাঁর মতো কেউ নেই, তাঁর জায়গা কেউ নিতে পারবে না।