সরকারি ব্যয় কমাতে দিবস পালনে নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬
জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালন নিয়ে নতুন পরিপত্র জারি করেছে সরকার। এতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং এ উপলক্ষে ছুটি ঘোষণার কথা বলা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত পরিপত্র জারি করে। একই সঙ্গে গত ১১ মার্চ জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালন নিয়ে জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।
দিবস পালনে যেসব নির্দেশনা
নতুন পরিপত্রে জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণভাবে বিভিন্ন দিবস পালনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
- দিবস পালনে সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে হবে।
- রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং সীমিত পরিসরে সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা যাবে।
- কর্মদিবসে সমাবেশ ও শোভাযাত্রা পরিহার করতে হবে।
- কোনো সপ্তাহ পালনের অনুষ্ঠানসূচি সাধারণভাবে তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে।
- সরকারি কর্মসূচির কারণে অফিসের স্বাভাবিক কাজে যেন ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করতে হবে।
- আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে হবে।
সরকারি ব্যয় কমানোর নির্দেশনা
পরিপত্রে বলা হয়েছে, যেসব সাধারণ অনুষ্ঠানে নগদ অর্থ বা উপকরণ ব্যয়ের প্রয়োজন নেই, সেগুলো ছুটির দিনে কিংবা কর্মদিবসে আয়োজন করা যাবে।
কোনো দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর বাইরে বা জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে হবে।
এ ছাড়া সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতে একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবসকে প্রাধান্য দিয়ে দিবসগুলো একই তারিখে একসঙ্গে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রযোজ্য ক্ষেত্রে এ বিষয়ে সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।
সব মন্ত্রণালয় ও সংস্থাকে নির্দেশনা প্রতিপালনের অনুরোধ
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।



