জার্মান পর্যটকের ব্যাগ চুরি, অভিযুক্তকে ধরতে পুরস্কার ঘোষণা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্রভর্তি ব্যাগ চুরির ঘটনায় অভিযুক্ত যুবককে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের চেহারা শনাক্তের পর শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর রেলওয়ে স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাঁর ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়।

এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার হাফিজ আল আসাদ জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে তাঁদের চেষ্টা অব্যাহত রয়েছে। তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তা করতে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে থানা পুলিশ, সিআইডি, রেলওয়ে পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কাজ করছেন। গোয়েন্দা তৎপরতাসহ বিভিন্নভাবে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্তের বাড়ি অন্য এলাকায় হওয়ায় তাঁকে গ্রেপ্তারে কিছুটা সময় লাগছে বলে জানান তিনি।

জানা গেছে, গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তাঁর সাথে সখ্য গড়ে তোলেন।

একপর্যায়ে ক্রিল ল্যান্ডার এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি।

চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল। এ ঘটনায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁকে ধরিয়ে দিতে সহায়তা করতে বা এ-সংক্রান্ত কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।