উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬
রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকালে একদল ব্যক্তি বাসাটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জি এম কাদেরের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য জানান, সকাল সাড়ে ১০টার দিকে ব্যানার নিয়ে একদল নারী-পুরুষ তাঁর বাসার সামনে অবস্থান নেন। প্রায় ১০ মিনিট পর বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে ভাঙচুরও চালানো হয় বলে তিনি দাবি করেন।
ঘটনার একটি ভিডিওতে কয়েকজনকে বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। এ সময় তাঁদের ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জবাই কর’ স্লোগান দিতে শোনা যায়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বেলা ১১টার দিকে অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে জি এম কাদেরের বাসায় হামলার খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে পায়নি।
ওসি বলেন, সাধারণ জনতার ব্যানারে ৩০ থেকে ৪০ জন ওই বাসায় হামলা চালান। তাঁরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন। তবে কেউ বাসার ভেতরে প্রবেশ করতে পারেননি।
হামলাকারীদের পরিচয় ও ঘটনার কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।



