আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে নতুন ঋণচুক্তি নিয়ে সরকার আশাবাদী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকারের সম্মতি রয়েছে বলেও জানান তিনি।

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে সকাল সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার এবং উন্নয়ন সহযোগীদের সাথে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে স্থিতিশীল করা, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করছে সরকার। এসব সংস্কারের বিষয়ে সরকারের সম্মতি রয়েছে।

নতুন ঋণচুক্তি নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে ঋণের পরিমাণ, চুক্তির শর্ত এবং অর্থ ছাড়ের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সাথে আলোচনা ব্যাংককে চলমান বার্ষিক সম্মেলনের ফাঁকে এগিয়ে নেওয়ার কথা রয়েছে।