রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি নিরাপত্তা, কৃষি, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু অর্থায়নসহ বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। জনবহুল দেশ হিসেবে বাংলাদেশকে নিজস্ব অর্থনৈতিক ও সামাজিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থানের কারণে দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়া গুরুত্বপূর্ণ। তবে এ সংকটের স্থায়ী সমাধান হলো তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও মিয়ানমারেই নিহিত।

স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কানাডার সহযোগিতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

অন্যদিকে কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সরাই রোহিঙ্গাদের শান্তিপূর্ণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের গুরুত্বের বিষয়ে একমত পোষণ করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকটের পাশাপাশি কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন ও দারিদ্র্য বিমোচনের মতো বিষয়গুলোও গুরুত্ব পায়।