নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত চান রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬
নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নারী ও কন্যাশিশুরা পিছিয়ে থাকলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
সোমবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় শিশু একাডেমিতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষা, চিকিৎসা ও রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ছেলে ও মেয়ের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সন্তানদের সফল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।
কন্যাশিশুদের আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে মার্শাল আর্ট শেখার প্রতিও উৎসাহ দেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, কন্যাশিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। নারী ও কন্যাশিশুদের অগ্রগতি নিশ্চিত করা গেলে সমাজের উন্নয়নও ত্বরান্বিত হবে।



