সৌদি আরবে হামলার প্রভাব

ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল, আটকে ৫৪১৮ যাত্রী

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ৫ হাজার ৪১৮ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। গত শনিবার থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এসব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিভিন্ন এয়ারলাইনস।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ফ্লাইট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব এ তথ্য জানান।

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ১২টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি, সালাম এয়ারের তিনটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইনসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি এবং ফ্লাইদুবাইয়ের পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে।

এর আগে গত শনিবার সৌদি আরবের রিয়াদে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ওপর একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন। আহত হন ৩০৮ জন।

নিহত অন্যদের মধ্যে সৌদি আরবের চারজন এবং ভারত, আমেরিকা, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত রোববার আবারও বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে এক পাকিস্তানি প্রবাসী নিহত হন এবং ১১ জন আহত হন।

পরপর এসব হামলার ঘটনার পর ঢাকা থেকে সৌদি আরবগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থলে ফেরা প্রবাসী, সৌদি আরবগামী কর্মী এবং অন্যান্য যাত্রীদের যাত্রা অনিশ্চয়তায় পড়েছে।