পুরান ঢাকার মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ছয়তলায় একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। ভবনটিতে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর দুই মিনিট পর বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসে খবর পৌঁছায়। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, চকবাজারের এসি মসজিদের পাশে ছোট কাটারায় অবস্থিত মনজুর খান প্লাজার ছয়তলায় আগুন লাগে। সাততলা ভবনটির একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাততলা ভবনের ষষ্ঠতলায় অবস্থিত একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, আগুনের কারণে ভবনটিতে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণের কাজে বেগ পেতে হচ্ছে কর্মীদের।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।