দেশে ডেঙ্গু আক্রান্ত লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় শনাক্ত ২১৬৭
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ হাজার ১৬৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে। একই সময়ে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪২৮ জন। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৯৫ হাজার ৩৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
অক্টোবরে ১২ দিনেই আক্রান্ত ২১ হাজারের বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত আগস্ট থেকে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। সেপ্টেম্বরে পরিস্থিতি আরও অবনতি হয়। চলতি অক্টোবরেও ঊর্ধ্বমুখী রয়েছে আক্রান্তের সংখ্যা।
গত সেপ্টেম্বরে দেশে ৪৩ হাজার ৭৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়। এর আগের মাস আগস্টে আক্রান্ত হন ২০ হাজার ৫৩৬ জন। আর চলতি অক্টোবরের প্রথম ১২ দিনেই ডেঙ্গু শনাক্ত হয়েছে ২১ হাজার ৮২২ জনের।
চলতি বছরের অন্যান্য মাসের মধ্যে জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৬ এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
সেপ্টেম্বরে সর্বোচ্চ মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আগস্টে মারা গেছেন ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জন। মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা যান।
চলতি অক্টোবরের প্রথম ১২ দিনে ডেঙ্গুতে আরও ৬২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জনে।
ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা বাড়ানো জরুরি। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।



