ইউরোপের চার দেশে মাস্টার্সের সুযোগ
বাংলাদেশিরাও করতে পারবেন আবেদন
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬
ইউরোপের চার দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। এ প্রোগ্রামে বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন। তবে ২০২৭ শিক্ষাবর্ষে এ প্রোগ্রামের আওতায় ইরাসমাস মুন্ডাসের পূর্ণ বৃত্তি কিংবা মাসিক ভাতা দেওয়া হবে না।
‘সাইকোলজি অব গ্লোবাল মোবিলিটি, ইনক্লুশন অ্যান্ড ডাইভারসিটি ইন সোসাইটি’ শীর্ষক এ স্নাতকোত্তর প্রোগ্রামটি ‘গ্লোবাল-মাইন্ডস’ নামে পরিচিত। সামাজিক ও সাংস্কৃতিক মনোবিজ্ঞান, অভিবাসন, বৈচিত্র্য এবং সামাজিক অন্তর্ভুক্তির মতো বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে এতে।
প্রোগ্রামটি যৌথভাবে পরিচালনা করছে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব লিমেরিক, পর্তুগালের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন (আইএসসিটিই), পোল্যান্ডের এসডব্লিউপিএস ইউনিভার্সিটি এবং নরওয়ের ইউনিভার্সিটি অব অসলো।
বৃত্তি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
আগে এ প্রোগ্রামটি ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস কর্মসূচির অর্থায়নে পরিচালিত হতো। তবে প্রোগ্রামের নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে, ২০২৭ সাল থেকে এটি আর ইরাসমাস প্লাসের অর্থায়ন পাবে না। ফলে ২০২৭-২৯ শিক্ষাবর্ষে আগের মতো ইরাসমাস মুন্ডাসের পূর্ণ বৃত্তি ও মাসিক ভাতা পাওয়ার সুযোগ থাকছে না।
প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের শিক্ষার্থীদের জন্য দুই বছরের অংশগ্রহণ ফি ১৮ হাজার ৬০০ ইউরো। আবাসন, জীবনযাত্রা ও যাতায়াতের খরচ এর অন্তর্ভুক্ত নয়। শিক্ষার্থীরা চাইলে বাইরের বিভিন্ন বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
যে চার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
প্রোগ্রামটিতে অংশ নিচ্ছে চারটি দেশের চারটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো—
১. ইউনিভার্সিটি অব লিমেরিক, আয়ারল্যান্ড।
২. ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন (আইএসসিটিই), পর্তুগাল।
৩. এসডব্লিউপিএস ইউনিভার্সিটি, পোল্যান্ড।
৪. ইউনিভার্সিটি অব অসলো, নরওয়ে।
পাঠ্যক্রম ও পড়াশোনার কাঠামো
দুই বছর মেয়াদি এ প্রোগ্রাম ইংরেজি মাধ্যমে পরিচালিত হবে। এতে সামাজিক ও সাংস্কৃতিক মনোবিজ্ঞান, আন্তসাংস্কৃতিক সম্পর্ক, অভিবাসন, বৈচিত্র্য ও সামাজিক অন্তর্ভুক্তির বিভিন্ন বিষয় পড়ানো হবে।
পাঠ্যক্রমের অংশ হিসেবে ৩০০ ঘণ্টার ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। পাশাপাশি গবেষণাভিত্তিক অভিসন্দর্ভ তৈরি করতে হবে। প্রোগ্রামের কাঠামো অনুযায়ী অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন পর্যায়ে পড়াশোনার সুযোগ থাকবে।
আবেদনের যোগ্যতা
এ প্রোগ্রামে আবেদন করতে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি মনোবিজ্ঞান ও গবেষণাপদ্ধতিতে পর্যাপ্ত একাডেমিক প্রস্তুতি এবং ইংরেজি ভাষায় দক্ষতা প্রয়োজন।
আবেদনকারীদের প্রোগ্রামের নির্ধারিত ভর্তি-শর্ত পূরণ করতে হবে। বিস্তারিত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।
আবেদনের শেষ সময়
ইউনিভার্সিটি অব লিমেরিকের ওয়েবসাইটে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৭ উল্লেখ করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা প্রোগ্রামের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
আবেদনের ওয়েবসাইট: https://global-minds.eu/
বিশেষ সতর্কতা: ২০২৭ শিক্ষাবর্ষে এ প্রোগ্রামে ভর্তি হলেই ইরাসমাস মুন্ডাস বৃত্তি বা মাসিক ভাতা পাওয়া যাবে না। তাই আবেদন করার আগে সম্পূর্ণ শিক্ষাব্যয় সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।



