যুক্তরাজ্যে স্নাতক হয়েও বেকার, অক্সফোর্ড-কেমব্রিজের চিত্র কী?
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬
যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার এক বছরের মধ্যে প্রতি ২৪ জনের একজন কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা বা বেকার ভাতা নিয়েছেন। তাঁদের মধ্যে নতুন ও অপেক্ষাকৃত কম পরিচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সুবিধা নেওয়ার হার অক্সফোর্ড ও কেমব্রিজের মতো নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় সর্বোচ্চ ৫০ গুণ বেশি। দেশটির শিক্ষা বিভাগের (ডিএফই) সর্বশেষ সরকারি পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, ২০২২ সালে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৭২৩ জন ২০২৩-২৪ অর্থবছরে কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা নিয়েছেন। ওই বছর যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ১৬ হাজার। অর্থাৎ স্নাতক শেষ করার এক বছরের মধ্যে প্রতি ২৪ জনে একজন এ ধরনের সরকারি সুবিধা নিয়েছেন।
যেসব বিশ্ববিদ্যালয়ে হার বেশি
পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাজ্যের ১৮টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে স্নাতকদের ১০ শতাংশের বেশি এক বছরের মধ্যে কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা নিয়েছেন। এ তালিকায় সবচেয়ে বেশি হার আর্ডেন ইউনিভার্সিটির। বিশ্ববিদ্যালয়টির প্রতি চারজনের একজনের বেশি স্নাতক এ সুবিধা নিয়েছেন। এরপর রয়েছে রেক্সহ্যাম ও লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এ দুটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হার প্রতি পাঁচজনে একজন।
অন্যদিকে অক্সফোর্ড ও কেমব্রিজের মতো শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের মধ্যে এ সুবিধা নেওয়ার হার তুলনামূলক অনেক কম। নতুন ও অপেক্ষাকৃত কম পরিচিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এসব প্রতিষ্ঠানের ব্যবধান সর্বোচ্চ ৫০ গুণ পর্যন্ত।
কোন বিষয়ে পড়লে বেকার ভাতার হার বেশি
বিষয়ভিত্তিক পরিসংখ্যানেও স্নাতকদের কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা নেওয়ার হারে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ে স্নাতকদের মধ্যে এ হার সবচেয়ে বেশি। এ বিষয়ে পড়াশোনা শেষ করার এক বছরের মধ্যে প্রতি ছয়জনের একজন সরকারি সুবিধা নিয়েছেন।
নার্সিং ও মিডওয়াইফারি বিষয়ে স্নাতকদের ক্ষেত্রে এ হার প্রতি ১২ জনে একজন। অথচ যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এনএইচএস) জনবলের ঘাটতি রয়েছে। সাধারণ ও সমন্বিত শিক্ষা বিষয়ে স্নাতকদের ক্ষেত্রে এ হার প্রতি ১০ জনে একজন।
অন্যদিকে চিকিৎসাবিজ্ঞান ও দন্তচিকিৎসায় স্নাতকদের মধ্যে কর্মহীনতাসংক্রান্ত সরকারি সুবিধা নেওয়ার হার সবচেয়ে কম। এসব বিষয়ে প্রতি ৩০০ জনে একজনেরও কম এ সুবিধা নিয়েছেন। ভেটেরিনারি বিষয়ে এ হার প্রতি ১৮০ জনে একজন এবং অর্থনীতিতে প্রতি ৮৫ জনে একজন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন
এ পরিসংখ্যান প্রকাশের পর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান ও কর্মসংস্থান তৈরির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্যাম্পেইন ফর রিয়েল এডুকেশনের ক্রিস্টোফার ম্যাকগভর্ন এ পরিস্থিতিকে জাতীয় কেলেঙ্কারি হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয়গুলোর অনেক ডিগ্রি কোর্স শিক্ষার্থীদের এমন পরিস্থিতিতে ফেলছে, যেখানে তাঁদের একদিকে ঋণের বোঝা, অন্যদিকে বেকারত্ব কিংবা যোগ্যতার তুলনায় কম মানের চাকরি বেছে নিতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিশ্ববিদ্যালয়গুলোর অর্ধেককে কর্মমুখী পলিটেকনিকে রূপান্তরেরও প্রস্তাব দিয়েছেন তিনি।
এ বিষয়ে যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের এক মুখপাত্র বলেন, বিশ্ববিদ্যালয় অনেকের জন্য ভালো সুযোগ তৈরি করে। তবে কিছু কোর্স শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুত কর্মসংস্থান ও অন্যান্য প্রত্যাশিত ফলাফল দিতে পারছে না। এ ধরনের নিম্নমানের শিক্ষার সুযোগ বন্ধে অফিস ফর স্টুডেন্টসের (ওএফএস) সঙ্গে কাজ করছে সরকার।
পরিসংখ্যানটি যুক্তরাজ্যের উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ, বিশ্ববিদ্যালয় নির্বাচনের গুরুত্ব এবং ডিগ্রির ব্যবহারিক মূল্য নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।



