মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকারের নানা উদ্যোগ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬
জনগণের রায়ে বিএনপি যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের গৌরব ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত রাখতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন। ২০০২ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন। প্রমাণিত হয়েছে, এটি ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত।’
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকে আন্দোলিত করে। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথাও স্মরণ করেন।
ভবিষ্যৎ অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাহসে অর্জিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, ‘সময়ের নিয়মে বীর মুক্তিযোদ্ধাদের অনেকে আজ বয়সের ভারে ক্লান্ত। জীবনসায়াহ্নে এসেও তাঁদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি জ্বলজ্বল করছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করে আসছে, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ।’
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনদের সংবর্ধনা এবং সম্মানী দেওয়ার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়। তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।



