কানাডায় স্থায়ী বসবাসের আশায় ভুয়া বিয়ে, বিপদে পড়বেন দুজনই
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৬
কানাডায় স্বামী বা স্ত্রীকে স্পনসর করে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়ার নিয়মের অপব্যবহার ঠেকাতে সতর্ক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। শুধু অভিবাসনের সুবিধা পাওয়ার উদ্দেশ্যে বিয়ে করা বা প্রকৃত দাম্পত্য সম্পর্ক ছাড়াই স্পনসরশিপের আবেদন করাকে প্রতারণা হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের ঘটনায় স্পনসর ও বিদেশি আবেদনকারী—উভয়েই আইনি জটিলতায় পড়তে পারেন।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, কোনো বিদেশি নাগরিককে কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিতে শুধু কাগজে-কলমে বিয়ে করা কিংবা প্রকৃত সম্পর্ক ছাড়াই স্পনসরশিপের আবেদন করা ‘ম্যারেজ অব কনভিনিয়েন্স’ বা সুবিধার জন্য বিয়ে হিসেবে পরিচিত। এ ধরনের সম্পর্কের মূল উদ্দেশ্য যদি অভিবাসন সুবিধা পাওয়া হয়, তাহলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে।
যেভাবে সম্পর্কের সত্যতা যাচাই হয়
অভিবাসন কর্মকর্তারা স্পনসর ও আবেদনকারীর সম্পর্ক প্রকৃত কি না, তা যাচাই করেন। এ ক্ষেত্রে সম্পর্কের ইতিহাস, পারস্পরিক যোগাযোগ, দেওয়া তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি পরীক্ষা করা হতে পারে। প্রয়োজনে দুজনকে আলাদাভাবে সাক্ষাৎকারে ডাকা হতে পারে। এমনকি তদন্তের অংশ হিসেবে বাড়িতে গিয়ে তথ্য যাচাইয়ের ব্যবস্থাও রয়েছে।
কী শাস্তি হতে পারে
আইআরসিসির তথ্য অনুযায়ী, অভিবাসনের উদ্দেশ্যে ভুয়া বিয়ে বা সম্পর্কের প্রমাণ পাওয়া গেলে আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে। বিদেশি আবেদনকারীকে কানাডায় প্রবেশে পাঁচ বছরের নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে। এ ছাড়া প্রতারণার তথ্য অভিবাসন নথিতে সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতের আবেদনেও এর প্রভাব পড়তে পারে।
অন্যদিকে, কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দা ভুয়া বিয়ের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হতে পারে। প্রতারণার মাধ্যমে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া গেলেও পরে বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির স্থায়ী বাসিন্দার মর্যাদা বাতিল এবং দেশ থেকে বহিষ্কারের ঝুঁকি রয়েছে।
কারা স্বামী বা স্ত্রীকে স্পনসর করতে পারবেন
কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দারা নির্দিষ্ট শর্ত পূরণ করে তাঁদের বৈধ স্বামী বা স্ত্রী, কমন-ল পার্টনার কিংবা কনজুগাল পার্টনারকে স্পনসর করতে পারেন। তবে সম্পর্কটি প্রকৃত হতে হবে এবং স্পনসর ও আবেদনকারীকে আইআরসিসির নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।
স্পনসরশিপের মাধ্যমে কোনো স্বামী বা স্ত্রী স্থায়ী বাসিন্দা হিসেবে কানাডায় যাওয়ার পর স্পনসরকে সাধারণত তিন বছর আর্থিক সহায়তার দায়িত্ব পালন করতে হয়। সম্পর্ক ভেঙে গেলেও এই দায় শেষ হয় না।
দালালচক্র ও ভুয়া প্রস্তাব থেকে সতর্কতা
অভিবাসন কর্তৃপক্ষ অর্থের বিনিময়ে বিয়ে, ভুয়া সম্পর্কের নথি তৈরি কিংবা নিশ্চিতভাবে কানাডার স্থায়ী বসবাসের প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিদের বিষয়ে সতর্ক করেছে। এ ধরনের প্রস্তাবে সাড়া দিলে আবেদন বাতিল, কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা কিংবা আরও গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের যেসব নাগরিক পরিবার পুনর্মিলন কর্মসূচির মাধ্যমে কানাডায় যেতে চান, তাঁদের বৈধ দাম্পত্য সম্পর্কের ভিত্তিতে সরকারি নিয়ম অনুসরণ করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু ভিসা বা স্থায়ী বসবাসের সুবিধা পাওয়ার উদ্দেশ্যে বিয়ের আয়োজন করা স্পনসর ও আবেদনকারী—দুজনের জন্যই ঝুঁকিপূর্ণ।



