অস্ট্রেলিয়ায় কর্মভিসার আবেদনকারীদের বিদেশ ভ্রমণে নতুন কড়াকড়ি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬

অস্ট্রেলিয়ায় নিয়োগকর্তা-স্পনসরকৃত কর্মভিসার সিদ্ধান্তের অপেক্ষায় থাকা বিদেশিদের জন্য বিদেশ ভ্রমণের অনুমতি পাওয়া কঠিন হতে যাচ্ছে। আগামী ৩০ নভেম্বর থেকে ব্রিজিং ভিসা বি (Bridging Visa B বা BVB) আবেদনের ক্ষেত্রে ভ্রমণের কারণ, সম্ভাব্য সময়সীমা ও ব্যক্তিগত পরিস্থিতি আরও কঠোরভাবে যাচাই করবে দেশটির স্বরাষ্ট্র দপ্তর।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন এবং অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, নতুন যাচাইপ্রক্রিয়ায় বিশেষভাবে প্রভাবিত হবেন সাবক্লাস ৪৮২ (Skills in Demand), ১৮৬ (Employer Nomination Scheme) এবং ৪৯৪ (Skilled Employer Sponsored Regional) ভিসার আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তিরা। ৩০ নভেম্বর বা তার পরে জমা দেওয়া ব্রিজিং ভিসা বি আবেদনের ক্ষেত্রে এ পরিবর্তন কার্যকর হবে।

বর্তমানে ব্রিজিং ভিসা এ (Bridging Visa A বা BVA) নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করা যায়। তবে এ ভিসায় দেশ ছেড়ে বিদেশ ভ্রমণ করে আবার অস্ট্রেলিয়ায় ফেরার অনুমতি নেই। এ জন্য প্রয়োজন ব্রিজিং ভিসা বি। এই ভিসার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অস্ট্রেলিয়া ত্যাগ ও পুনরায় প্রবেশ করা যায়।

নতুন যাচাইপ্রক্রিয়ায় ব্রিজিং ভিসা বি দেওয়ার ক্ষেত্রে ভ্রমণের কারণ ও সময়সীমার ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। আগে অনেক আবেদনকারী তুলনামূলক দীর্ঘ সময়ের জন্য ভ্রমণের অনুমতি পেতেন। এখন ভ্রমণের উদ্দেশ্য, সম্ভাব্য যাত্রার তারিখ এবং ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনায় নিয়ে তুলনামূলক কম সময়ের অনুমতি দেওয়া হতে পারে।

শুধু ছুটি কাটানো বা পরিবারের সদস্যদের সাথে দেখা করার কথা জানালে অনুমতি পাওয়া কঠিন হতে পারে। ভ্রমণের পেছনে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ দেখাতে হবে এবং প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে। যেমন, গুরুতর অসুস্থ স্বজনকে দেখতে যাওয়ার ক্ষেত্রে চিকিৎসাসংক্রান্ত নথি বা অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ আবেদনকে সমর্থন করতে পারে।

আবেদনের ক্ষেত্রে আগাম বিমানের টিকিট কেনা বাধ্যতামূলক নয়। তবে সম্ভাব্য ভ্রমণের তারিখের অন্তত দুই সপ্তাহ আগে এবং সর্বোচ্চ তিন মাসের মধ্যে আবেদন করার পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর। ভ্রমণের উদ্দেশ্য, সম্ভাব্য সময় ও প্রয়োজনীয় তথ্য আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এ পরিবর্তনের ফলে অস্ট্রেলিয়ায় কর্মভিসার আবেদন করে অবস্থানরত বাংলাদেশিদের বিদেশ যাতায়াতের পরিকল্পনায় বাড়তি সতর্কতা প্রয়োজন হবে। বিশেষ করে ব্রিজিং ভিসা এ নিয়ে অবস্থানরত কেউ বিদেশ যেতে চাইলে ব্রিজিং ভিসা বি অনুমোদন পাওয়ার আগে অস্ট্রেলিয়া ত্যাগ করা উচিত নয়। অনুমোদিত ভিসার নির্ধারিত ভ্রমণসীমা শেষ হওয়ার আগে দেশটিতে ফিরে আসাও জরুরি।

তবে নতুন কড়াকড়ির কারণে সব ব্রিজিং ভিসাধারীর ভ্রমণ বন্ধ হচ্ছে না। মূলত নিয়োগকর্তা-স্পনসরকৃত নির্দিষ্ট কর্মভিসার আবেদনকারীদের ক্ষেত্রে নতুন যাচাইপ্রক্রিয়া প্রযোজ্য হবে। তাই বিদেশ ভ্রমণের পরিকল্পনা করার আগে নিজের ভিসার ধরন ও আবেদনের অবস্থা যাচাই করা প্রয়োজন।