আশ্রয়প্রার্থীদের আবাসন নিয়ে যুক্তরাজ্যের গ্রামে ব্যতিক্রমী প্রতিবাদ
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬
ইংল্যান্ডের একটি ছোট গ্রামের বাসিন্দারা কাছের সাবেক বিমানঘাঁটিতে ৯৩১ জন আশ্রয়প্রার্থীকে রাখার সরকারি পরিকল্পনার প্রতিবাদে প্রতীকী গণভোটে যুক্তরাজ্য থেকে স্বাধীন হওয়ার পক্ষে রায় দিয়েছেন। তবে এ ভোটের কোনো আইনগত বাধ্যবাধকতা নেই।
শনিবার (২১ নভেম্বর) ইংল্যান্ডের পূর্বাঞ্চলের বার্নহ্যাম গ্রামে এ ভোট অনুষ্ঠিত হয়। এর আগে গত সেপ্টেম্বরে পিডিংটন গ্রামেও একই ধরনের প্রতিবাদী গণভোট হয়েছিল। সেখানেও হোটেল থেকে আশ্রয়প্রার্থীদের সাবেক সামরিক স্থাপনায় সরিয়ে নেওয়ার সরকারি পরিকল্পনার প্রতিবাদ জানানো হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বার্নহ্যাম গ্রামের ৪০০ থেকে ৫০০ জন ভোট দেওয়ার যোগ্য ছিলেন। তাঁদের মধ্যে ২৫৭ জন যুক্তরাজ্য থেকে স্বাধীন হওয়ার পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১৬ জন। একটি ভোট বাতিল হয়।
ভোটের ফল ঘোষণার পর বার্নহ্যাম বাসিন্দা সমিতির সভাপতি হেলেন বেক বলেন, গ্রামের বাসিন্দারা মনে করেন না, এই ভোটের ফলে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হবে। তবে এর মাধ্যমে তাঁরা সরকারি পরিকল্পনার বিরুদ্ধে নিজেদের অবস্থানের আনুষ্ঠানিক সমর্থন তুলে ধরতে পারবেন।
তিনি আরও বলেন, আশ্রয়প্রার্থীদের ন্যায্যসংগত সংখ্যায় গ্রহণ করতে গ্রামবাসীর আপত্তি নেই। তবে তাঁদের সংখ্যা নিয়ে উদ্বেগ রয়েছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, গ্রামের কাছের সাবেক বিমানঘাঁটিতে ৯৩১ জন আশ্রয়প্রার্থীকে রাখা হবে। অথচ বার্নহ্যাম গ্রামের মোট জনসংখ্যা মাত্র ৫৮৪ জন।
হেলেন বেক বলেন, এত বিপুলসংখ্যক মানুষকে একটি স্থানে রাখার পরিকল্পনাই তাঁদের মূল উদ্বেগের কারণ। বার্নহ্যামের মতো ছোট গ্রামে আশ্রয়প্রার্থীদের সময় কাটানোর মতো পর্যাপ্ত সুযোগ ও যাওয়ার জায়গা থাকবে না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তবে প্রতীকী গণভোটের এই ফল যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো আইনি প্রক্রিয়া শুরু করবে না। মূলত আশ্রয়প্রার্থীদের আবাসন পরিকল্পনার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অসন্তোষ প্রকাশের একটি মাধ্যম হিসেবে এই ভোট আয়োজন করা হয়েছে।
সূত্র: বাসস, এএফপি



