২২ হাজার টাকা চান শ্রমিকরা, ১৫ হাজার ৮০০ টাকায় অনড় মালিকপক্ষ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৬
তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে দীর্ঘ আলোচনা করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড। শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান রয়েছে ৬ হাজার ২০০ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ আগের ৩২ হাজার টাকার প্রস্তাব সংশোধন করে ২২ হাজার টাকা নির্ধারণের দাবি জানায়। কয়েক দফা আলোচনার পর মালিকপক্ষও তাদের প্রস্তাব সংশোধন করে ১৫ হাজার ৮০০ টাকা করে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে চতুর্থ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দুই পক্ষের সংশোধিত প্রস্তাব নিয়ে আলোচনা করে একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামোর সুপারিশ তৈরির চেষ্টা করা হবে।
সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডের সভার আলোচ্যসূচিতে রয়েছে, পোশাকশিল্পের মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত মজুরি নির্ধারণের মাধ্যমে শিল্প খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দিয়েছেন। আজকের বৈঠকে দুই পক্ষ একটি নির্দিষ্ট অঙ্কে পৌঁছাতে পারে বলে আশা করছেন বোর্ডের সদস্যরা।
তবে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করতে বোর্ডের সুপারিশ ও পরবর্তী সরকারি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।



