থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি সোমবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬
দীর্ঘদিনের অপেক্ষা ও আলোচনা-দরকষাকষির পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী সোমবার (৩০ নভেম্বর) রাজধানীতে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। টার্মিনালটি আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বেবিচক সূত্রে জানা গেছে, আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচকের সদর দপ্তরের মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তৃতীয় টার্মিনাল-সংক্রান্ত কনসেশন চুক্তির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। পরদিন সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হোটেলে জাপানি কনসোর্টিয়ামের সাথে বেবিচক কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে।
গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।
তবে জাপানি কনসোর্টিয়ামের কয়েকটি শর্ত নিয়ে আগে থেকেই আপত্তি ও বিতর্ক রয়েছে। বিশেষ করে তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা এবং বিমানবন্দরের ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর নতুন কোনো বেসামরিক বিমানবন্দর চালু না করার শর্ত নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও সমালোচনা হয়।
সংসদীয় কমিটির বৈঠকে প্রশ্ন তোলা হয়, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখা হলে সেগুলোর অবকাঠামো ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক পরিচালনাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার নজিরও আলোচনায় আসে। ফলে রাষ্ট্রীয় বিনিয়োগে নির্মিত অবকাঠামোর ব্যবহার সীমিত হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চুক্তির আর্থিক কাঠামো নিয়েও আগে বিতর্ক দেখা দেয়। কাঠামোগত সমঝোতা অনুযায়ী, বাংলাদেশের মূল রাজস্ব পাওয়ার কথা ২৭ শতাংশ। তবে আংশিক কার্যক্রম (ওপিসিডি) থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় (সিএমডি) উত্তরণের অন্তর্বর্তী সময়ে জাপানি পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার শর্ত নিয়ে আপত্তি ওঠে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মাশুল ও অর্থ পরিশোধের শর্ত নিয়েও আলোচনা হয়।
জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রথমে ১৩ হাজার ৬১০ কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছিল। পরে সংশোধিত ব্যয় ও অন্যান্য কাজ যুক্ত হয়ে প্রকল্পের খরচ বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকায় দাঁড়ায়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর টার্মিনালটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে এর পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। এরপর দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও পরিচালনার চুক্তি চূড়ান্ত না হওয়ায় টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
তৃতীয় টার্মিনাল ভবনের আয়তন ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। এটি চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রীসেবা সক্ষমতা বেড়ে ২ কোটি হতে পারে। বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। রয়েছে ১৬টি নিয়মিত ব্যাগেজ বেল্টসহ আধুনিক নানা সুবিধা। যাত্রীদের চলাচল সহজ করতে স্থাপন করা হয়েছে স্ট্রেইট এক্সেলেটর। দীর্ঘ পথ হাঁটতে অসুবিধা হয়—এমন যাত্রীদের জন্য এ ব্যবস্থা সহায়ক হবে।
যাত্রীদের ব্যাগ ব্যবস্থাপনায় রাখা হয়েছে তিন ধরনের আলাদা সংরক্ষণব্যবস্থা—নিয়মিত ব্যাগেজ, হারানো ও খুঁজে পাওয়া ব্যাগেজ এবং অতিরিক্ত আকারের ব্যাগেজের জন্য পৃথক স্থান। নিয়মিত ব্যাগেজের জন্য থাকবে ১৬টি বেল্ট। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য রয়েছে আরও চারটি পৃথক বেল্ট।
টার্মিনালের প্রতিটি শৌচাগারের সামনে থাকবে শিশুর যত্ন নেওয়ার জন্য বিশেষ কক্ষ। সেখানে মায়েদের জন্য বুকের দুধ পান করানোর আলাদা স্থান, শিশুর ডায়াপার পরিবর্তনের ব্যবস্থা এবং পরিবারের ব্যবহারের উপযোগী শৌচাগার থাকবে। শিশুদের জন্য রাখা হয়েছে খেলার জায়গাও।
এ ছাড়া টার্মিনালে স্বাস্থ্য পরীক্ষার কক্ষ, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, বিভিন্ন রোগের পরীক্ষা করার স্থান এবং আইসোলেশন কক্ষ নির্মাণ করা হয়েছে।
নতুন টার্মিনালে ১০টি স্বয়ংক্রিয় চেক-ইন যন্ত্র থাকবে। এসব যন্ত্রে পাসপোর্ট ও টিকিটের তথ্য দিলে বোর্ডিং পাস ও আসন নম্বর পাওয়া যাবে। এরপর নির্ধারিত স্থানে লাগেজ জমা দিলে স্বয়ংক্রিয় ব্যবস্থায় তা উড়োজাহাজে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে।
এ ছাড়া যাত্রীদের জন্য থাকবে ১০০টি চেক-ইন কাউন্টার। নির্ধারিত সীমার বেশি ওজনের ব্যাগেজ নিয়ে স্বয়ংক্রিয় চেক-ইন করা যাবে না। যাত্রীদের অবসর কাটানোর জন্য মুভি লাউঞ্জ ও এয়ারলাইনস লাউঞ্জ তৈরির কাজও চলছে। এসব লাউঞ্জ ছাড়া অন্যান্য স্থাপনা ইতোমধ্যে বসানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি স্বাক্ষর হলে এর পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। তবে চুক্তির শর্ত, উদ্বোধনের পর পরিচালনাপদ্ধতি এবং যাত্রীসেবা শুরুর সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।



